প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, সকলেই মিলে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার বিষয়ে আলোচনা করেছেন। তাঁরা দ্রুত সংস্কার করে নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বৈঠক শেষে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। বৈঠকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার বিষয়টি নিয়ে সকলেই একই ধরনের মতামত প্রকাশ করেছেন বলে জানান খন্দকার মোশাররফ। তিনি বলেন, ‘এই ডিসেম্বরে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছি... স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য।’ তিনি উল্লেখ করেন, পতিত সরকার বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে যেসব দেশ সেই পতিত সরকারকে সমর্থন করছে, তাদের বিরুদ্ধে সকলেই একমত হয়েছেন।
মোশাররফ উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আজকের সভায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমরা সবাই ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে একমত পোষণ করেছি।’
এক প্রশ্নের উত্তরে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা নির্বাচনের বিষয়েও আলোচনা করেছি। এই সরকার জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বলেছি, দ্রুত সংস্কার করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ (পথনকশা) প্রদান করতে হবে। যদি জনগণ একটি রোডম্যাপ পায় এবং নির্বাচনের দিকে অগ্রসর হয়, তাহলে বর্তমানে যে ষড়যন্ত্রগুলো দেখা যাচ্ছে, সেগুলো আর কেউ করতে সাহস পাবে না।’
বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।


একটি মন্তব্য পোস্ট করুন